Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লক্ষ্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: যশোরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০২:২১ পিএম
লক্ষ্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: যশোরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

আজ শনিবার শহরের নব কিশলয় স্কুলে সামাজিক বন বিভাগের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে যশোরে। আজ শনিবার শহরের নব কিশলয় স্কুলে সামাজিক বন বিভাগের উদ্যোগে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।

একই দিন পরিবেশ সুরক্ষায় যশোর পৌরসভার উদ্যোগে ছয় মাস মেয়াদী আরও একটি পৃথক ‘এক হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

নব কিশলয় স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:

"আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলায় এই মূল কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা যশোর জেলায় এই কার্যক্রম শুরু করেছি। আমরা প্রত্যেকটি বিদ্যালয়ের অঙ্গনকে সবুজের সমারোহে ভরিয়ে তুলতে চাই। সরকারের প্রত্যেকটি দপ্তর এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে।"

তিনি আরও বলেন, "জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া ও আবহাওয়ার চরমভাবাপন্নতা থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ আমরা এখানে বেশ কিছু ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণ করেছি। একই সাথে কোমলমতি শিক্ষার্থীদের হাতেও চারা তুলে দেওয়া হয়েছে, যাতে তারা এগুলো নিজেদের বাড়িতে বা আঙিনায় রোপণ ও পরিচর্যা করতে পারে। এভাবে প্রতিটি শিশু যদি বৃক্ষের পরিচর্যা শেখে, তবে আমরা পরিবেশগত বিপর্যয় থেকে পরিত্রাণ পাব।"

নব কিশলয় স্কুলের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশারফ হোসেন, সামাজিক বন অঞ্চল যশোরের হারুন অর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, রেঞ্জ কর্মকর্তা এম এম মিজানুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এদিকে শহরের পরিবেশ সুরক্ষায় যশোর পৌরসভার উদ্যোগে ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক রফিকুল হাসান।

পৌরসভার এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু এবং নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি এই মহৎ উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ দায়িত্বে নিজেদের আঙিনায় অন্তত দু'টি করে গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)