বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী হচ্ছে। ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত এ আয়োজনের লক্ষ্য স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির বিকল্প নেই। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, উপজেলা আইসিটি অফিসার প্রহ্লাদ দেবনাথ, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াহেদুজ্জামান।
সভাপতির বক্তব্যে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সঠিক প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে কৃষি, মৎস্য, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়ন সম্ভব।
দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, গবেষণাভিত্তিক প্রকল্প এবং ব্যবহারিক উদ্ভাবন তুলে ধরা হয়। প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা প্রযুক্তিগুলোর কার্যকারিতা, বাস্তব প্রয়োগ এবং সমাজ ও অর্থনীতিতে এর সম্ভাব্য অবদান সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় উদ্ভাবকদের উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় উদ্ভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।