নিজস্ব প্রতিবেদক
৫০ জন শিশুর মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। ছবি: ধ্রুব নিউজ
আজকালকার শিশুরা যখন মাঠ ছেড়ে মোবাইল স্ক্রিন আর চার দেয়ালের চারকোণা ফ্রেমে বন্দি হয়ে পড়ছে, ঠিক তখনই গ্রামের একদল শিশুর হাত ভরে উঠল খেলার সামগ্রীতে। ব্যাডমিন্টনের নতুন র্যাকেট আর কর্ক হাতে পেয়ে খুদে খেলোয়াড়রা বেজায় খুশি। শিশুদের মাঠে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই জামায়াত নেতা মুন্সি নাজমুল হোসেন এই উদ্যোগ নেন।
শুক্রবার সকাল ৮টায় শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে ১ নং ওয়ার্ডের ৫০ জন শিশুর মাঝে এই খেলার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।
স্থানীয় জামায়াত ইউনিটের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারগুলো তুলে দেন রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না এবং স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চোখের সামনে বাচ্চাদের এমন বাঁধভাঙা আনন্দ দেখে উপস্থিত বড়রাও যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলেন তাদের নিজেদের ফেলে আসা শৈশবে।
শিশুদের এই খুশির আমেজ দেখে রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে আমাদের সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং নৈতিকভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে। আর এই বড় দায়িত্বটি সবার আগে মা-বাবাকেই নিতে হবে। তিনি পরিবারে সন্তানের প্রতি মা-বাবার দায়িত্ব এবং মা-বাবার প্রতি সন্তানের কর্তব্যের বিষয়টি সহজভাবে তুলে ধরেন। সেই সাথে তিনি মনে করিয়ে দেন, ঘরে বসে মুখস্থ বিদ্যা শিখলেই মেধার পূর্ণ বিকাশ ঘটে না। শরীর ও মন সতেজ রাখতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিশুদের মনকে উদার করে এবং সমাজ থেকে সব ধরনের অনৈতিকতা ও মাদকের মরণছোবল থেকে দূরে রাখে। শিশুদের এই সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে আগামীতেও এমন উদ্যোগ পাশে থাকবে বলে জানান তিনি।