Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সুপার সাব মেসি: আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০১:০০ পিএম
সুপার সাব মেসি: আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়

মাঠে বরাবরের মতোই অসাধারণ বল কন্ট্রোল জাদু দেখান মেসি ছবি: এপি

বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মূল পর্বে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ১১৯ সেকেন্ডের ব্যবধানে গোল করে স্পটলাইট কেড়ে নিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকেও ২–০ ব্যবধানে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।

১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ৭ মিনিটেই ফ্রি-কিক থেকে দারুণ এক সুযোগ তৈরি হয়। জিওভানি লো সেলসোর পাস থেকে ফাকুন্দো মেদিনার ক্রস খুঁজে নেয় নিকোলাস ওতামেন্দির হেড।

আইসল্যান্ডের রক্ষণভাগ বল ক্লিয়ার করার চেষ্টা করলেও বক্সের ঠিক বাইরে ওত পেতে ছিলেন ভ্যালেন্তিন বারকো। কোনো ভুল না করে জোরালো এক শটে বল জালের ডান দিকের নিচের কোণে জড়ান এই তরুণ ডিফেন্ডার। আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। জাতীয় দলের হয়ে এটি বারকোর দ্বিতীয় গোল। এর আগে মার্চে জাম্বিয়ার বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। বারকোর এই দুর্দান্ত ফিনিশিংয়ে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতেই ছিল। তবে লাওতারো মার্তিনেজ কয়েকবার ফিনিশিংয়ে ব্যর্থ হলে ব্যবধান বাড়ছিল না। ম্যাচের ৬৯.০৪ মিনিটে গ্যালারির তুমুল হর্ষধ্বনির মধ্যে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি।

মাঠে নেমেই নিজের ফুটবল জাদুতে ম্যাচ ঘুরিয়ে দেন এলএমটেন। লাওতারো মার্তিনেজকে লক্ষ্য করে বাড়ান এক অসাধারণ পাস। মার্তিনেজ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করার মুহূর্তে তাকে ফাউল করেন আইসল্যান্ডের কিপার ওলাফসন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি। ৭১.০৩ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন মেসি। মাঠে নামার ঠিক ১১৯ সেকেন্ডের মাথায় গোল করে তিনি প্রমাণ করলেন কেন তাকে ফুটবল জাদুকর বলা হয়।

ম্যাচের শেষদিকে আবারও মেসির পা থেকেই শুরু হয় আরেকটি আক্রমণ। সেই আক্রমণ ধরে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। ফলে ৩–০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)