নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কপোতাক্ষ’ হলরুমে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের সামগ্রিক পানি সম্পদ ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ ও কৃষিতে পানির সুষম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কপোতাক্ষ’ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার পানির উৎসসমূহ সুরক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থার টেকসই উন্নয়ন, জলাশয় ভরাট রোধ ও সংরক্ষণ এবং কৃষি উৎপাদনে পানির অপচয় রোধ করে সুষম ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উন্মুক্ত আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিপ্রধান এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে পানির উৎসগুলো রক্ষা করা জরুরি। তিনি জেলার পানির উৎসসমূহ সুরক্ষায় ও যেকোনো সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি দপ্তরকে সমন্বিত ও জোরালোভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেনসহ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন প্রতিনিধিরা।