বেনাপোল(যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোল পৌর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ ও তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৫ জুন জুমার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনার ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে একই ঘটনায় যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
ধ্রুব/টিএম