চৌগাছা প্রতিনিধি,আব্দুর রশীদ
যশোর মেডিসিন ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ছবি:
মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যশোরের চৌগাছা উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন’। ‘মানবসেবাই পরম ধর্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে এবং যশোর মেডিসিন ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করে।
শনিবার (৬ জুন) গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পকে ঘিরে সকাল থেকেই মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সংগঠনটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীরপুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন। বিশেষ করে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প ।
অনেকেই জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ ও সামর্থ্য না থাকায় তারা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে তারা সহজেই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত। তিনি বলেন, “সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আরিফ শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, যশোর এমএম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর ইসলাম এবং জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্লা, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাসুম রেজা, সার্জন ও প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার তনিমা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুর রহমান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার, পুষ্টি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস।
চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফলে চিকিৎসা গ্রহণে আগত সাধারণ মানুষ একদিকে যেমন বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়েছেন, অন্যদিকে প্রয়োজনীয় ওষুধও সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, ২০০১ সালে সিংহঝুলি ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীদের ঐক্য, মানবিক মূল্যবোধ এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন। জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামলতা, পিতাম্বরপুর ও হুদাফতেপুর গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন চৌগাছার কৃতী সন্তান সাংবাদিক মুরসালিন নোমানী, যিনি বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প সংগঠনটির মানবসেবামূলক কার্যক্রমের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।