ক্রীড়া ডেস্ক
২০২৩ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন সামনের বিশ্বকাপেও হট ফেভারিটের তালিকায় ছবি: দ্য অলিম্পিকস
বিশ্বকাপের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন স্পেনের। অন্যদিকে, গতবারের রানার্স-আপ ইংল্যান্ড, শক্তিশালী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ) এবং সাবেক চ্যাম্পিয়ন জাপানও ট্রফির অন্যতম দাবিদার। তবে বিশ্বমঞ্চের মূল লড়াইয়ে নামার আগে দলগুলোকে পার হতে হচ্ছে বাছাইপর্বের কঠিন বৈতরণী।
স্বাগতিক ব্রাজিল ছাড়াও ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ আগামী বছরের মেগা ইভেন্টে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক, ২০২৭ নারী বিশ্বকাপে এখন পর্যন্ত কোন কোন দেশ কোয়ালিফাই করল এবং কাদের সুযোগ রয়েছে পরবর্তী ধাপে যাওয়ার।
এক নজরে কোয়ালিফাইড দলগুলোর তালিকা:
দল কনফেডারেশন কোয়ালিফাই করার তারিখ
ব্রাজিল কনমেবল স্বাগতিক দেশ
অস্ট্রেলিয়া এএফসি ১৩ মার্চ, ২০২৬
চীন এএফসি ১৪ মার্চ, ২০২৬
দ.কোরিয়া এএফসি ১৪ মার্চ, ২০২৬
জাপান এএফসি ১৫ মার্চ, ২০২৬
ফিলিপাইন এএফসি ১৯ মার্চ, ২০২৬
উ.কোরিয়া এএফসি ১৯ মার্চ, ২০২৬
নিউজিল্যান্ড ওএফসি ১৫ এপ্রিল, ২০২৬
জার্মানি উয়েফা ৫ জুন, ২০২৬
মহাদেশভিত্তিক কোয়ালিফিকেশন আপডেট
এএফসি (এশিয়া): গত মার্চে অনুষ্ঠিত 'এএফসি উইমেন্স এশিয়ান কাপ'-এর কোয়ার্টার ফাইনালে জিতেই প্রথম চার দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করে অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালের পরাজিত দলগুলোর মধ্যকার প্লে-অফ ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে ফিলিপাইন এবং চাইনিজ তাইপেকে হারিয়ে উত্তর কোরিয়া এশিয়া থেকে বাকি দুটি টিকিট লুফে নেয়।
ওএফসি (ওশেনিয়া): ওশেনিয়া অঞ্চল থেকে পাপুয়া নিউ গিনিকে ১-০ গোলে হারিয়ে একমাত্র সরাসরি স্লটটি দখল করেছে নিউজিল্যান্ড।
উয়েফা (ইউরোপ): ইউরোপীয় অঞ্চলের প্রথম দল হিসেবে গত ৫ জুন নরওয়েকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছে শক্তিশালী জার্মানি। স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ায় ইংল্যান্ডের অপেক্ষা কিছুটা বেড়েছে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ডেনমার্ক এবং ফ্রান্স সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।
পরবর্তী ধাপে কোয়ালিফাই করতে পারে যারা
কনমেবল (দক্ষিণ আমেরিকা): রানিং 'কনমেবল উইমেন্স নেশনস লিগ'-এর শীর্ষ দুই দল সরাসরি ব্রাজিলের টিকিট পাবে এবং তৃতীয় ও চতুর্থ দল যাবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে।
ক্যাফ (আফ্রিকা): ওমেন্স আফ্রিকা কাপ অব নেশনস আগামী আগস্টে অনুষ্ঠিত হবে, যেখান থেকে আফ্রিকার প্রতিনিধিরা চূড়ান্ত হবে।
কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): আগামী নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত হবে 'কনকাকাফ ডব্লিউ চ্যাম্পিয়নশিপ'। সেখানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, জ্যামাইকা, হাইতি, পানামা, কোস্টারিকা এবং এল সালভেদরের মধ্য থেকে শীর্ষ ৪টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বাকি থাকা শেষ ৩টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য 'ইন্টার-কনফেডারেশন প্লে-অফ' ম্যাচের মাধ্যমে।
২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২৪ জুন, ২০২৭ তারিখে। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামসহ মোট ৮টি শহরের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বসেরা হওয়ার এই লড়াই। এক মাসের রোমাঞ্চকর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই, ২০২৭ তারিখে।