Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২১ দিন আগে কন্যা সন্তানের জনক হন নিহত মিম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ১১:০০ এ এম
২১ দিন আগে কন্যা সন্তানের জনক হন নিহত মিম

স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় কীর্তিপুর গ্রামে এখন মাতম চলছে। মাত্র ২১ দিন বয়সী কন্যাসন্তানসহ দুটি শিশুকন্যা ও স্ত্রীকে রেখে না ফেরার দেশে চলে গেছেন এই শান্ত স্বভাবের যুবক। প্রকাশ্যে মহাসড়কের পাশে হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন ঝিকরগাছা পৌর এলাকার কীর্তিপুর গ্রামের পাশে একটি বাঁশবাগান থেকে মিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়নঝিল এলাকার একটি বাঁশবাগানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। মহাসড়কের পাশে রক্তাক্ত দেহ দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে মাথায় ধারালো দা’য়ের গভীর কোপের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, দুর্বৃত্তরা তাকে অত্যন্ত নির্মম ও পরিকল্পিতভাবে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও বা রাতের আঁধারে ওই স্থানেই তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় ঘাতকেরা।

মিমের অকাল ও নৃশংস মৃত্যুতে তার পরিবারে চলছে আর্তনাদ। দুই ভাইয়ের মধ্যে মিম ছিলেন বড়। কিছুদিন আগে তিনি ইজিবাইক চালাতেন, তবে বর্তমানে কোনো কাজ করছিলেন না। সংসারে তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে ছোট মেয়েটির বয়স মাত্র ২১ দিন।

নিহতের মামাতো ভাই মারুফ কান্নায় ভেঙে পড়ে বলেন,“মিম খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। কারো সঙ্গে কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। কে বা কারা তাকে এভাবে মেরে ফেলল, কেন হত্যা করল কিছুই বুঝতে পারছি না। ভোরে লোকমুখে খবর শুনে এসে দেখি ওর মরদেহ পড়ে আছে। ২১ দিনের একটা দুধের বাচ্চাকে রেখে ও চলে গেল, এই পরিবার এখন কীভাবে বাঁচবে?”

স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ড আগে খুব একটা ঘটেনি। মহাসড়কের মতো একটি জনাকীর্ণ জায়গার পাশে একজন যুবককে এভাবে কুপিয়ে হত্যা করার ঘটনায় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই নিশ্চিত হওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)