ঝিকরগাছা প্রতিনিধি
ঝিকরগাছা থানা ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টায় যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন পৌরসভার কীর্তিপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান। নিহত মিম (৩৫) কীর্তিপুর এলাকার মশিয়ার রহমানের ছেলে।
নিহতের স্ত্রী নিলা খাতুন সাংবাদিকদের বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার স্বামীর সঙ্গে শেষবার কথা হয়। তিনি তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। তবে পরে তিনি আর সেখানে যাননি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
সকালে বাড়ির পাশের একটি বাঁশবাগানে মরদেহ দেখে পথচারীরা পুলিশের খবর দেয়। ওসি বলেন, নিহতের মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।