নিজস্ব প্রতিবেদক
বেনাপোল উপজেলার পুটখালী বাজারে আলম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত ৮টা ১৫ মিনিটে পুটখালী বাজারের মুসা চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আলম হোসেন পুটখালী গ্রামের ছলেমান মোড়লের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এরই জেরে আজ বুধবার রাতে সংঘবদ্ধভাবে তার ওপর এ হামলা চালানো হয়।
অভিযোগে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একই গ্রামের ২০ বছর বয়সী তরুণ নিশান, ৫৫ বছর বয়সী লিয়াকত মেম্বার, ৪৮ বছর বয়সী আব্দুল হাকিম, ৫৫ বছর বয়সী শফিক, ৫০ বছর বয়সী দেব এবং ২২ বছর বয়সী যুবক ইমনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আলম হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে তার মুখে কোপ দেয় এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে গুরুতর আহত আলম হোসেনকে উদ্ধার করেন। প্রথমে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (নাভারণ) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা যায়, আহতের মুখ ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনার পর থেকে পুটখালী বাজার ও আশপাশ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার নিশ্চিত করেছে।