Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সেলাইমেশিন আর ভ্যানের চাকায় সচল হবে জীবিকা

❒ জামায়াতের আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০১:২৮ পিএম
সেলাইমেশিন আর ভ্যানের চাকায় সচল হবে জীবিকা

জামায়াতের পেশাজীবী থানার ব্যবসায়ী ফোরামের উদ্যেগে কয়েকজন অসচ্ছল মানুষের হাতে তুলে দেওয়া হয় ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও সাইকেল। ছবি: ধ্রুব নিউজ

হাতে নতুন সেলাইমেশিন পেয়ে আনন্দাশ্রু মুছছিলেন মধ্যবয়সী এক নারী, আর পাশে নতুন ভ্যানগাড়িটি ছুঁয়ে দেখার সময় এক দিনমজুরের চোখে-মুখে ফুটে উঠছিল হাসি। এতদিনের অভাব-অনটনের সংসারে যেন এক টুকরো আশার আলো এসে পড়ল। উপহার পাওয়া এই মানুষগুলোর চোখে ভেসে উঠছিল নিজেদের পায়ে দাঁড়ানোর নতুন এক প্রত্যয়। সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং এমন অসচ্ছল পরিবারগুলোর মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানা। ব্যবসায়ী ফোরামের আয়োজনে আজ (১৮ মে) শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে স্থানীয় বেশ কয়েকজন অসচ্ছল মানুষের হাতে তুলে দেওয়া হয় ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও সাইকেল। মূলত রাজনীতির চিরাচরিত গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার লড়াইয়ে পাশে দাঁড়াতেই এই ক্ষুদ্র প্রয়াস।

পেশাজীবী থানার সভাপতি রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি, কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী সম্পদ প্রদানের মাধ্যমে মুমিনরা নিজেদের পবিত্র করতে চায়। এটি কোনো সস্তা রাজনীতি বা মানুষের প্রতি দয়া নয়; বরং আল্লাহর আগুন থেকে নিজেদের বাঁচাতে মুমিনরা এই দায়িত্ব পালন করে। সমাজ থেকে আকাশ-পাতাল ব্যবধান দূর করতে হলে আমাদের কোরআন ও রাসূলের (সা.) হাদিস অনুসরণ করতে হবে। তিনি আরও মনে করিয়ে দেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে নিজে পেট ভরে খেল অথচ তার প্রতিবেশী অনাহারে থাকলো, সে মুমিন নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এই কল্যাণমূলক রাজনীতিই করতে চায়। রাজনীতির মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন বা অট্টালিকার মালিক হওয়া আমাদের লক্ষ্য নয়, বরং এর মাধ্যমে ঈমানী দায়িত্ব পালন করাই জামায়াতে ইসলামীর মূল শিক্ষা। বিতরণকৃত এই উপহার যেন পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সাহায্য করে এবং পরকালের মুক্তির উসিলা হয়, তিনি সেই দোয়া করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা, পেশাজীবী থানার সমাজ কল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন এবং ব্যবসায়িক ফোরামের সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এবারের আয়োজনে স্থানীয় অসচ্ছল পরিবারের আত্মকর্মসংস্থানের পথ সুগম করতে ৩ জন নারীর হাতে ৩টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা তাদের ঘরে বসেই উপার্জনের নতুন পথ দেখাবে। এছাড়া জীবিকার চাকা সচল রাখতে ১ জনকে ১টি ভ্যানগাড়ি এবং যাতায়াত ও কর্মের সুবিধার্থে অপর ১ জনকে ১টি সাইকেল প্রদান করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)