ক্রীড়া ডেস্ক
ওয়েম্বলি স্টেডিয়ামে লসির সাবেক ব্লুজ বস থমাস টুখেলের সাথে দেখা যায় শাবি আলোন্সো কে ছবি: সংগৃহীত
ইউরোপীয় ফুটবলে দলবদলের বাজারে নতুন এক চমক। চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে চেলসির নতুন কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড শাবি আলোন্সো। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সাথে তার এই চুক্তির বিষয়টি এখন প্রায় নিশ্চিত।
আজ লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আলোন্সো। সেখানে চেলসির সাবেক ব্লুজ বস থমাস টুখেলের সাথে তাকে বেশ কিছুক্ষণ অন্তরঙ্গ আলাপচারিতায় মেতে থাকতে দেখা যায়। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, লন্ডনের ক্লাবটির অভ্যন্তরীণ পরিবেশ, বর্তমান স্কোয়াড এবং ক্লাব পরিচালনার চ্যালেঞ্জগুলো নিয়ে হয়তো পূর্বসূরির কাছ থেকে কিছু পরামর্শ নিচ্ছিলেন এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান।
বায়ার লেভারকুসেনের হয়ে অভূতপূর্ব সাফল্য দেখানো শাবি আলোন্সো আধুনিক ফুটবলের অন্যতম সেরা কৌশলী কোচ। যদি চেলসি ম্যানেজমেন্ট তাকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দেয়, তবে স্ট্যামফোর্ড ব্রিজে তিনি নিজের দর্শন অনুযায়ী দারুণ একটি দীর্ঘমেয়াদি প্রজেক্ট বা প্রকল্প গড়ে তুলতে পারবেন—এতে কোনো সন্দেহ নেই। তার অধীনে চেলসির তরুণ স্কোয়াডটি নতুন রূপ পেতে পারে।
তবে আলোন্সোর সামনে সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে চেলসির অস্থির ইতিহাস। ক্লাবটির সবচেয়ে বড় কুখ্যাতি হলো—ধৈর্যের অভাব। একটু খারাপ পারফরম্যান্স করলেই দুই দিন পর পর কোচ ছাঁটাই করা ব্লুজদের পুরোনো স্বভাব। নতুন এই প্রজেক্ট সফল করতে হলে আলোন্সোকে যেমন দ্রুত ফলাফল এনে দিতে হবে, তেমনই চেলসি বোর্ডের কাছ থেকেও শতভাগ সমর্থনের নিশ্চয়তা প্রয়োজন।
এখন দেখার বিষয়, লন্ডনের এই ক্লাবের চঞ্চল সংস্কৃতির মাঝে শাবি আলোন্সো কতদিন নিজের ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ করার সুযোগ পান।