Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কামাভিঙ্গাকে ছাড়াই ফ্রান্সের শক্তিশালী বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ১২:২৬ পিএম
কামাভিঙ্গাকে ছাড়াই ফ্রান্সের শক্তিশালী বিশ্বকাপ দল ঘোষণা

এদুয়ার্দো কামাভিঙ্গা ছবি: সংগৃহীত

​আগামী জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠছে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপের। এই বিশ্বমঞ্চকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। কোচ দিদিয়ের দেশমের ঘোষিত ২৬ সদস্যের এই দলে সবচেয়ে বড় চমক রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার বাদ পড়া।

​গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বদলি হিসেবে নেমে নজর কেড়েছিলেন কামাভিঙ্গা। তবে এবারের আসরে তাঁর জায়গা হয়নি। দেশম এই কঠিন সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, "কামাভিঙ্গার জন্য এই মৌসুমটি বেশ অম্লমধুর ছিল। চোট এবং অনিয়মিত খেলার কারণে সে ছন্দে ছিল না। দলের ভারসাম্য রক্ষার খাতিরেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি জানি তার জন্য এটি কতটা হতাশাজনক।"

​ফ্রান্সের এবারের আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের মনে ভয় ধরাতে বাধ্য। দলের প্রধান সেনাপতি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকছেন অভিজ্ঞ উসমান দেম্বেলে। সেই সঙ্গে তরুণ তুর্কি হিসেবে দলে জায়গা করে নিয়েছেন দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে এবং রায়ান চেরকিরা। তবে গত বিশ্বকাপের ফাইনালে সহজ সুযোগ নষ্ট করা রানদাল কোলো মুয়ানি এবার সুযোগ হারিয়েছেন; তাঁর বদলে সুযোগ পেয়েছেন জাঁ–ফিলিপ মাতেতা।

​গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ মাইক মাইনিয়ঁ। তবে চমক হিসেবে দলে ডাক পেয়েছেন ফরাসি লিগের সেরা গোলরক্ষক রবিন রিসার। অন্যদিকে পিএসজিতে ব্রাত্য হয়ে পড়া লুকাস শেভালিয়ের কপাল পুড়েছে। রক্ষণভাগে উইলিয়াম সালিবা ও থিও হার্নান্দেজদের মতো পরীক্ষিত প্রহরীদের ওপরই আস্থা রেখেছেন দেশম।

​২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব সামলানো দিদিয়ের দেশমের এটিই শেষ টুর্নামেন্ট। বিশ্বকাপ শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন। দলকে ২০১৮ সালে বিশ্বকাপ জেতানো এবং ২০২২ সালে ফাইনালে তোলা এই মাস্টারমাইন্ড এবারও শিরোপা পুনরুদ্ধারে আশাবাদী। তিনি বলেন, "আমাদের বিশ্বসেরা হওয়ার সামর্থ্য আছে, তবে আমাদের বিনয়ী হতে হবে। শুধু মুখে নিজেদের সেরা দাবি না করে মাঠে করে দেখাতে হবে।"

​এক নজরে ফ্রান্সের গ্রুপ পর্বের সূচি

​২০২৬ বিশ্বকাপে ফ্রান্স খেলবে 'আই' গ্রুপে। তাদের লড়াইয়ের সূচি:

​১৬ জুন: বনাম সেনেগাল

​২২ জুন: বনাম ইরাক

​২৬ জুন: বনাম নরওয়ে

​ফ্রান্সের ২৬ সদস্যের চূড়ান্ত দল

​গোলকিপার: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা ও রবিন রিসার।

​ডিফেন্স: উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, লুকা দিনিয়ে, মালো গুস্তো ও ম্যাক্সাঁস লাক্রোয়া।

​মিডফিল্ড: এনগোলো কান্তে, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, মানু কোনো ও ওয়ারেন জায়ারে-এমেরি।

​এ্যাটাক: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মার্কোস থুরাম, মাইকেল ওলিসে, জ্যঁ-ফিলিপ মাতেতা, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, দেজিরে দুয়ে ও ম্যাগনেস আকালিউশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)