ক্রীড়া ডেস্ক
প্লেয়ার অফ দ্য সিজন শর্ট লিস্টে যায়গা পাওয়া ৮ খেলোয়াড় ছবি: প্রিমিয়ার লিগ অফিসিয়াল
চলতি ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ প্রায় শেষের পথে। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার শুরু হয়েছে মৌসুমের সেরা পারফর্মারদের মূল্যায়নের পালা। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই মৌসুমের 'ইএ স্পোর্টস প্লেয়ার অফ দ্য সিজন' পুরস্কারের জন্য মনোনীত ৮ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। যেখানে স্পষ্ট দাপট দেখিয়েছে দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপার খোঁজে থাকা আর্সেনাল। গানার্সদের ৩ জন তারকা জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
আর্সেনালের ত্রয়ীর পাশাপাশি তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির দুই তারকা, ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক এবং ব্রেন্টফোর্ড ও নটিংহাম ফরেস্টের দুই চমক।
লিগে সবচেয়ে কম গোল হজম করা আর্সেনালের রক্ষণভাগের দেয়াল গাব্রিয়েল মাগালাইস আছেন এই দৌড়ে। তিনি রক্ষণে যেমন অনবদ্য ছিলেন, তেমনি ৩টি গোল ও ৪টি অ্যাসিস্টও করেছেন। গোলপোস্টের নিচে ১৮টি ক্লিন শিট রেখে টানা তৃতীয়বারের মতো ‘গোল্ডেন গ্লাভস’ নিশ্চিত করা স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। আর মাঝমাঠের 'ইঞ্জিন রুম' খ্যাত ডেক্লান রাইস পুরো মৌসুমজুড়ে অল-রাউন্ড পারফরম্যান্স দিয়ে আর্সেনালের শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন।
ম্যানচেস্টার সিটির হয়ে ২৬ গোল করে টানা তৃতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে থাকা নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্দ এবারও বর্ষসেরার বড় দাবিদার। তার সাথে সিটির আরেকজন মনোনীত তারকা হলেন ঘানার ফরোয়ার্ড অ্যান্টোইন সেমেনিয়ো, যিনি জানুয়ারিতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেওয়ার পর পেপ গার্দিওলার সিস্টেমে দারুণভাবে মানিয়ে নিয়েছেন।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়ে আনার মূল নায়ক অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এই মৌসুমে ৮টি গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি, যা তাকে থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ডের একেবারে কাছাকাছি দাঁড় করিয়ে দিয়েছে। ইতোমধ্যে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগর থিয়াগো এই মৌসুমে ২২ গোল করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন, যা প্রিমিয়ার লিগের এক মৌসুমে কোনো ব্রাজিলিয়ানের সর্বোচ্চ গোলের রেকর্ড। তালিকার শেষ নামটি নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট, যার ১৩ গোল ও ৪ অ্যাসিস্টের ওপর ভর করে রেলিগেশনের হাত থেকে বেঁচে গেছে তার দল।
ভোটের সময়সীমা:
ফুটবলপ্রেমীরা আগামী সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় বিকেল ৫টা (যুক্তরাজ্যের সময় দুপুর ১২টা) পর্যন্ত প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের প্রিয় খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। সমর্থকদের এই ভোট এবং ফুটবল বিশেষজ্ঞদের একটি প্যানেলের যৌথ মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহে ঘোষণা করা হবে এই মৌসুমের চূড়ান্ত বিজয়ীর নাম।
গত মৌসুমে এই পুরস্কারটি জিতেছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ। এবার কার মাথায় উঠবে প্রিমিয়ার লিগের সেরা মুকুট, সেটাই এখন দেখার বিষয়।