Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা, ধারণা পুলিশের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:১৭ পিএম
গাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে 'ঘাতক' ফোরকানের ঝাঁপ, আত্মহত্যা, ধারণা পুলিশের

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দিন। ছবি: সংগৃহীত

১১ মে সকাল ৬টা ৪২ মিনিটে একটি সাদা প্রাইভেটকার থেকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি সেতুর মাঝামাঝি স্থানে নামেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি রেলিং টপকিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন।

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও তিন কন্যাসন্তানসহ একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ফোরকান মোল্লা (৪০) পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দিন।

পুলিশ জানায়, ঘাতক ফোরকান মোল্লা পেশায় একজন প্রাইভেটকার চালক। গত ৮ মে দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা পূর্বপাড়া গ্রামে নিজের ভাড়া বাসায় এই বীভৎস হত্যাকাণ্ড ঘটান তিনি। নিহতরা হলেন- ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), তার তিন কন্যা মীম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসূল মোল্লা (২২)।

তদন্তে জানা গেছে, গত ৮ মে শ্যালককে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গোপালগঞ্জ থেকে গাজীপুরে নিয়ে আসেন ফোরকান। এরপর রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করেন তিনি। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হলে ধারালো ছুরি দিয়ে চারজনের গলা কেটে এবং সবার ছোট কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর গাজীপুর জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিনটি চৌকস দল তদন্তে নামে। মামলার তদন্ত কর্মকর্তা যোবায়েরের নেতৃত্বে পুলিশের একটি টিম গত ১১ মে তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেরপুর সদর এলাকা থেকে একটি ট্রাকচালকের সহকারীর কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনটি উদ্ধার করে।

তদন্তে বেরিয়ে আসে, ১১ মে সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে রেলিংয়ের পাশে ফোনটি পড়ে থাকতে দেখেন ওই ট্রাকচালকের সহকারী এবং সেখান থেকেই তিনি সেটি কুড়িয়ে পান।

পুলিশ সুপার আরও জানান, পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ১১ মে সকাল ৬টা ৪২ মিনিটে একটি সাদা প্রাইভেটকার থেকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি সেতুর মাঝামাঝি স্থানে নামেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি রেলিং টপকিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন।

তিনি বলেন, "যদিও নিহতের স্বজনরা ফুটেজ দেখে ঝাঁপ দেওয়া ব্যক্তিটি ফোরকান কি না তা শতভাগ নিশ্চিত করতে পারেননি, তবে তারা জানিয়েছেন ব্যক্তিটি দেখতে ফোরকানের মতোই। মোবাইল কুড়িয়ে পাওয়ার স্থান ও ঝাঁপ দেওয়ার স্থান একই হওয়ায় আমাদের জোরালো ধারণা, ওই ব্যক্তিই ঘাতক ফোরকান। তবে এখনো লাশ উদ্ধার করা যায়নি। লাশ উদ্ধারের পর ডিএনএ টেস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।"

মামলার তদন্তের সাথে সম্পৃক্ত একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ঘটনার পর কাপাসিয়ায় ফোরকানের মোবাইলের শেষ কলের সময় ছিল শনিবার ভোর সোয়া ৪টায়। হত্যার পর ফোরকান তাঁর বড় ভাই জব্বারকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠান, যা তদন্তকারীরা উদ্ধার করেছেন। সেই ভয়েস মেসেজে ফোরকানকে বলতে শোনা যায়- "আমি স্ত্রী, সন্তান ও শ্যালকসহ সবাইকে মেরে ফেলেছি। আমাকে তোমরা আর খুঁজো না, আমাকে আর পাবে না।"

সূত্র আরও জানায়, হত্যাকাণ্ড ঘটানোর পর ফোরকান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এলাকা ত্যাগ করেন। তিনি কাপাসিয়া থেকে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে ঢাকার মালিবাগ এলাকায় যান। সেখান থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে ভোরে ঢাকার মুক্তাঙ্গন এলাকায় পৌঁছান। সেখান থেকে 'আত্মীয় মারা গেছে' বলে পদ্মা সেতু যাওয়ার জন্য ৬ হাজার টাকায় একটি প্রাইভেটকার ভাড়া করেন। সেই গাড়িতে করে পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে গিয়ে তিনি নেমে যান এবং নদীতে ঝাঁপ দেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার আফফাক উজ্জামান, আবুল খায়ের, আমিরুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. যোবায়ের। পুলিশ জানায়, ফোরকানের মরদেহ উদ্ধারের চেষ্টা ও ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)