যশোর (অভয়নগর) প্রতিনিধি
প্রতারণার অভিযোগে অভিযুক্ত অহিদুজ্জামান ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে প্রতারণার অভিযোগে অহিদুজ্জামান (৩২) নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অহিদুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের হযরত আলী মোল্যার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, নওয়াপাড়া বাজারে ‘ভাই ভাই ট্রেডিং-এর অফিস থেকে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি জব্দের নির্দেশ দেন।
অভিযোগকারী নওয়াপাড়া পৌর এলাকার টিসিবির পরিবেশক আহসানুল কাদির ও হুমায়ন কবীর জানান, টিসিবির পরিবেশক বহাল রাখার ব্যবস্থা করবেন বলে অহিদুজ্জামান তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই ট্রেডিংয়ের অফিসে টাকা নিতে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ম্যাজিস্ট্রেট এসে প্রতারণার দায়ে অহিদুজ্জামানকে কারাদণ্ড ও তার মোটরসাইকেলটি জব্দ করার নির্দেশ দেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, প্রতারণার অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ধ্রুব/টিএম