ক্রীড়া ডেস্ক
১১৪৮ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরছে 'এল ক্লাসিকো' ছবি: এ এফ পি
ফুটবল দুনিয়ায় এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী হতে পারে? নিজের চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে খেলতে যাওয়া, সেখানে হেরে যাওয়া এবং প্রতিপক্ষকে নিজেদের চোখের সামনে শিরোপা উৎসবে মাততে দেখা—রিয়াল মাদ্রিদ আজ ঠিক এমন এক চরম দুঃস্বপ্নের কিনারে দাঁড়িয়ে। কাতালুনিয়ার নীল-বেগুনি আকাশে আজ যখন রোদ্রোজ্জ্বল আবহ, তখন মাদ্রিদের ড্রেসিংরুমে বইছে ঝোড়ো হাওয়া। ১১৪৮ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরছে 'এল ক্লাসিকো', যেখানে কেবল তিন পয়েন্ট নয়, মিশে আছে স্প্যানিশ ফুটবলের রাজমুকুট।
লিগের লড়াইয়ে হান্সি ফ্লিকের বার্সেলোনা এখন ধরাছোঁয়ার বাইরে। ৪ ম্যাচ হাতে থাকতেই রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা। আজ একটি ড্র করলেই স্প্যানিশ ফুটবলের মুকুট উঠবে বার্সার মাথায়। আর যদি সেটা হয়, তবে পেপ গার্দিওলা বা লুইস এনরিকেদের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখাবেন ফ্লিক। বার্সার চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দুই মৌসুমেই লিগ জয়ের কীর্তি গড়বেন এই জার্মান মাস্টারমাইন্ড। তবে ঘরের মাঠে ১৭ ম্যাচের সব কটিতে জেতা কাতালানরা নিশ্চয়ই চাইবে ড্র নয়, বরং জয় দিয়ে রাজ্যাভিষেক রাঙাতে।
মাঠের লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদের অন্দরমহল যেন এক অশান্ত আগ্নেয়গিরি। অনুশীলনের সময় ফেদে ভালভার্দে ও অরেলিয়াঁ চুয়ামেনির মধ্যকার বাদানুবাদ গড়িয়েছে হাতাহাতিতে। মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ভালভার্দেকে, ছিটকে গেছেন মাঠ থেকে। যদিও কোচ আলভারো আরবেলোয়া বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছেন। ২০০৭ সালে লিভারপুলে থাকাকালীন সতীর্থদের মারামারির এক পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ড্রেসিংরুমের কথা বাইরে আসাটা 'বিশ্বাসঘাতকতা'। তবে রিয়ালের এই অস্থিরতা বলে দিচ্ছে, টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকার চাপ কতটা ভয়াবহ।
বার্সেলোনা শিবিরে লামিনে ইয়ামাল চোটের কারণে নেই, তবে তাতে আত্মবিশ্বাসে চিড় ধরেনি। রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেসরা আছেন গোলের নেশায় বুঁদ হয়ে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে রিয়ালের সব আশা এখন ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। সাথে আছেন জুড বেলিংহাম, যিনি এক নিমেষেই বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ।
পরিসংখ্যান অবশ্য রিয়ালকে কিছুটা স্বস্তি দিচ্ছে। শেষ ১২টি ক্লাসিকোর মধ্যে ৮টিতেই জিতেছে তারা। এমনকি বার্সার মাঠে শেষ ছয় লিগ লড়াইয়ে স্বাগতিকদের জয় মাত্র দুটিতে। এই পরিসংখ্যানই রিয়াল ভক্তদের মনে আশা জাগাচ্ছে—হয়তো আজ বার্সার শিরোপা উৎসব মাটি করে দিয়ে নিজেদের মান রক্ষা করবে গ্যালাকটিকোরা।
আজকের ৯০ মিনিটই বলে দেবে, ক্যাম্প ন্যুর ঘাসে বার্সার রাজ্যাভিষেক হবে নাকি রিয়াল মাদ্রিদ তাদের দীর্ঘশ্বাসের আয়ু আরও বাড়াবে। উত্তেজনার পারদ এখন তুঙ্গে!