❒ টেকসই নগর গড়তে কর্মশালা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
টেকসই নগর গড়তে বেনাপোল পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
বেনাপোল পৌরসভাকে আধুনিক, টেকসই ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়।
রোববার (১০ মে) বেনাপোল পৌরসভার হলরুমে “সমন্বিত উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), মূলধনী বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি), পৌর উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলা প্রস্তুতি কর্মশালা” অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) “সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প” যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। প্রকল্পটিতে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। ২০২৪ থেকে ২০৩০ সাল মেয়াদি এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২০১ কোটি টাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। কর্মশালা পরিচালনা করেন সাইফুর রহমান।
কর্মশালায় নগর পরিকল্পনাবিদ জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আল আমিন, পরিবেশ বিশেষজ্ঞ আজমিরা আক্তার এবং স্থপতি ফারহানা ইসলাম অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামির আমির রেজাউল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি নূরুল হক, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পৌরসভার সদস্য ইলিয়াস হোসেন ও সাদ আলমগীরসহ রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় পরিকল্পিত নগরায়ণ এখন সময়ের দাবি। সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে যানজট নিরসন, ড্রেনেজব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা সম্প্রসারণ ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বেনাপোল পৌরসভা ভবিষ্যতে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।
ধ্রুব/এস.আই