নিজস্ব প্রতিবেদক
বিপুল পরিমাণ নকল লুব্রিকেন্ট ও সরঞ্জামসহ কারখানা মালিক অর্ণব খানকে আটক করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের পুরাতন কসবা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল লুব্রিকেন্ট ও সরঞ্জামসহ কারখানা মালিক অর্ণব খানকে আটক করেছে পুলিশ। অভিযানে বেরিয়ে এসেছে নামী কোম্পানির ব্র্যান্ড নকল করে ভেজাল পণ্য তৈরির চাঞ্চল্যকর সব তথ্য।
পুলিশ জানায়, আটক অর্ণব তার বসতবাড়ির নিচতলায় বিশেষ গোপন কক্ষ তৈরি করে এই কারখানা পরিচালনা করতেন। সাধারণ ড্রাম ভর্তি লুজ অয়েলের সাথে কেমিক্যাল ও জেল মিশিয়ে তিনি সেটিকে দামী ব্র্যান্ডের লুব্রিকেন্টের রঙ ও ঘনত্ব দিতেন। এরপর নিজস্ব মিশ্রণ যন্ত্র ও ফিলিং মেশিনের সাহায্যে তা বোতলজাত করা হতো। গ্রাহকের চোখে বিশ্বাসযোগ্য করতে তিনি ব্যবহার করতেন হুবহু আসল ব্র্যান্ডের মতো নকল স্টিকার এবং উন্নতমানের ইনডাকশন ফয়েল সিলার মেশিন। এর ফলে সাধারণ গ্রাহকের পক্ষে এটি যে নকল, তা বোঝার কোনো উপায় ছিল না।
অভিযানস্থল থেকে পুলিশ ৩৭০টি ফুয়েল বুস্টার, ১৬৫ লিটার তেল ভর্তি ব্যারেল, হাজারেরও বেশি খালি বোতল এবং ফয়েল সিলারসহ নানা আধুনিক সরঞ্জাম জব্দ করেছে। এসআই জুয়েল হোসেন জানান, অধিক মুনাফার আশায় অর্ণব দীর্ঘদিন ধরে যশোরের খুচরা বাজারে এই ভেজাল লুব্রিকেন্ট সরবরাহ করে আসছিলেন।