নিজস্ব প্রতিবেদক
আটক অর্ণব ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের পুরাতন কসবা এলাকার পুলিশ একটি বাসায় অভিযান চালিয়ে নকল লুব্রিকেন্ট (পিচ্ছিলকারক তেল) তৈরির কারখানার মালিক অর্ণব খানকে (২৮) আটক করেছে। আটক অর্ণব ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সোমবার (৪ মে) বিকেলে প্রতারণার মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার এসআই জুয়েল হোসেন জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন কসবা কাজীপাড়া এলাকার একটি ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন নামী ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল লুব্রিকেন্ট ও ফুয়েল বুস্টার তৈরি করা হচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে মালিক অর্ণব খানকে আটক করে এবং বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও সরঞ্জাম জব্দ করে।
ঘটনাস্থল থেকে ২৩টি লুব্রিকেন্টের ভর্তিবোতল, ২৫টি খালি বোতল, ৩৭০টি ফুয়েল বুস্টারভর্তি বোতল, ১০০০টি খালি বোতল, দুটি হাইড্রোলিক তেলের ড্রাম এবং প্রায় ১৬৫ লিটার তেল ভর্তি একটি ব্যারেল জব্দ করা হয়। এ ছাড়া নকল পণ্য তৈরির কাজে ব্যবহৃত মোটরচালিত ফিলিং মেশিন, ফুয়েল সিলিং মেশিন, মিশ্রণ যন্ত্র, জেল তৈরির কাঁচামাল, বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার এবং একটি ইনডাকশন ফয়েল সিলার মেশিন জব্দ করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ণব স্বীকার করেছেন যে, তিনি অধিক মুনাফার আশায় নামী কোম্পানির মোড়ক ও স্টিকার নকল করে এসব ভেজাল পণ্য বাজারে বিক্রি করে আসছিলেন। সোমবার (৪ মে) বিকেলে প্রতারণার মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধ্রুব/টিএম