নিজস্ব প্রতিবেদক
জখম ইমামুল হাসান। ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদেশে পাঠানোর জন্য এক ব্যক্তির নিকট থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর অতিরিক্ত টাকা না পেয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিমুল হাসান বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে ইমামুল হাসানের কাছ থেকে ১২ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘদিন পার হলেও বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে বরং আরও টাকা দাবি করতে থাকেন।
এ পর্যায়ে আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় অভিযুক্ত শিমুল তার নিজ বাড়িতে ভুক্তভোগী ইমামুলকে ডেকে অতিরিক্ত আরও ২ লাখ টাকা দাবি করেন। কিন্তু সে আর কোন টাকা দিতে অস্বীকৃতি জানালে তর্ক-বিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে শিমুল হাসান তাকে মেরে রক্তাক্ত জখম করেন।
ভুক্তভোগী মোহাম্মদ ইমামুল হাসান (৩২) উপজেলার কায়েমকোলা বড় কুলি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শিমুল হাসান (৩২) চান্দা একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইমামুলকে স্বজনরা উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধ্রুব/এস.আই