নিজস্ব প্রতিবেদক
সদর উপজেলার বারীনগর বাজারে আইফার্মার-এর কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু । ছবি: ধ্রুব নিউজ
কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে আইফার্মার কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ ও সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে। আজ রোববার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৪ টায় যশোর সদর উপজেলার বারীনগর বাজারের শহর-বানু সুপারমার্কেটে আইফার্মার এ প্রশিক্ষণের আয়োজন করে।
ইতোমধ্যে কেন্দ্রটির প্রথম তিনটি সেশন চালু করা হয়েছে, যা কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে এক ছাদের নিচে ভেটেরিনারি চিকিৎসা ও কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করা হচ্ছে। অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার ও কৃষি বিশেষজ্ঞরা সরাসরি কৃষকের গবাদি পশু ও ফসল সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন। ফলে কৃষকের আর দূর-দূরান্তে গিয়ে চিকিৎসা বা পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ছে না।
আয়োজক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গবাদি পশুর বিভিন্ন রোগব্যাধি এবং ফসলের নানা সমস্যায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এসব সমস্যা দ্রুত সমাধান এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই আইফার্মার এই উদ্যোগ গ্রহণ করেছে ।
সংশ্লিষ্টরা কৃষকদের নিজ নিজ গবাদি পশু ও ফসলের সমস্যা নিয়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।
তারা মাঠপর্যায়ে কৃষকদের সমস্যা শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
স্থানীয় কৃষকদের মধ্যে ইতোমধ্যে এ উদ্যোগকে ঘিরে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্যক্রম কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেন অনেকে ।
উদ্বোধনী অনুষ্ঠানে আইফার্মারের ডিরেক্টর ইখতিয়ার সুবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর সদর উপজেলার ভেটেনারি সার্জন ডা. সৌরভ কুমার ঘোষ। তিনি বলেন, কৃষক পর্যায়ে সঠিক ভেটেরিনারি সেবা পৌঁছানো গেলে গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণ সহজ হবে এবং উৎপাদনশীলতা বাড়বে। এ ধরনের উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদুর রহমান। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং লাভজনক কৃষি নিশ্চিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইফার্মার লিমিটেডের ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন ম্যানেজার মোহাম্মদ আদিব শরীফ, সিনিয়র এগ্রিকালচার অফিসার আন্দনবিল প্রান্ত, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং মো. তুহিন ইসলাম, রিজিওনাল ম্যানেজার আউটপুট মার্কেট মো. রবিউল ইসলাম, রিজিওনাল ম্যানেজার এগ্রি ইনপুট মো.বাকুয়াজ হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর ফার্মার ফাইনান্সিং রুহুল আমিন এবং মার্কেট রিলেশনশিপ অফিসার এগ্রি ইনপুট মো. সেলিম রেজা প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইভষ্টক অফিসার ডা. তারিকুল ইসলাম।
ধ্রুব/এস.আই