নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত মহিলা মেম্বার হাসিনা বেগম ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে জমির গাছ নিয়ে বিরোধের জেরে সংরক্ষিত মহিলা মেম্বারকে পিটিয়ে আহত করেছে একপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত হাসিনা বেগম (৪৯) ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য এবং একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
হাসিনা বেগমের স্বজনরা জানান, বাড়ির পাশের একটি গাছ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী বাবলু, তার স্ত্রী রাজিয়া, মিঠুন ও রিনা কাঠের লাঠি দিয়ে হাসিনা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে রাতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসিনা বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।