টটেনহ্যাম হটস্পারের প্রধান কোচ ইগর টিউডর ছবি: সংগৃহীত
টটেনহ্যাম হটস্পারের ডাগআউটে অস্থিরতা যেন কাটছেই না। টমাস ফ্রাঙ্ক বিদায় নেওয়ার মাত্র ৪৩ দিনের মাথায় এবার ক্লাব ছাড়তে হলো প্রধান কোচ ইগর টিউডরকে। রোববার ক্লাব কর্তৃপক্ষের সাথে 'পারস্পরিক সমঝোতার' ভিত্তিতে পদত্যাগ করেছেন এই ৪৭ বছর বয়সী কোচ।
গত মাসে দায়িত্ব নেওয়ার পর স্পার্সের হয়ে সাত ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে জয় পেয়েছেন মাত্র একটিতে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারালেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। প্রিমিয়ার লিগেও দলের অবস্থা শোচনীয়; বর্তমানে ১৭ নম্বরে থাকা টটেনহ্যাম রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট দূরে দাঁড়িয়ে। নটিংহাম ফরেস্টের কাছে গত সপ্তাহের ৩-০ গোলের হারটিই ছিল টিউডরের বিদায়ঘণ্টা।
মাঠের ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও কঠিন সময় পার করছেন টিউডর। ফরেস্টের কাছে হারের পরপরই তিনি তার বাবা মারিও-র মৃত্যুসংবাদ পান। শোকের এই সময়ে তাকে কিছুটা সময় দেওয়ার পর ক্লাব ও টিউডর—উভয় পক্ষই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে টিউডর এবং তার কোচিং স্টাফদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আপাতত আন্তর্জাতিক বিরতির সময় ব্রুনো স্যালটর দলের অনুশীলনের দায়িত্বে থাকবেন। তবে ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায় টটেনহ্যাম।
স্পার্সের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকটি বড় নাম শোনা যাচ্ছে, মার্সেই ছেড়ে বর্তমানে অবসর কাটানো ইতালিয়ান কোচ রবার্তো ডি জার্বি টটেনহ্যামের সংক্ষিপ্ত তালিকার শীর্ষে। তবে খবর অনুযায়ী, ক্লাবটি রেলিগেশন এড়াতে পারলেই কেবল তিনি দায়িত্ব নিতে আগ্রহী। সাবেক স্পার্স ম্যানেজার মাউরিসিও পচেত্তিনো বর্তমানে ইউএসএমএনটি এর দায়িত্বে থাকলেও ইংল্যান্ডে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। শর্ট-টার্ম কোচ হিসেবে শন ডাইচ এবং আডি হুটারের নামও আলোচনায় রয়েছে। এছাড়া হ্যারি রেডন্যাপ ও টিম শেরউডের মতো সাবেক কোচরা পুনরায় দায়িত্ব নিতে ইচ্ছুক বলে গুঞ্জন রয়েছে।
রেলিগেশনের হাত থেকে বাঁচতে টটেনহ্যাম এখন কার হাতে দলের হাল তুলে দেয়, সেটিই এখন দেখার বিষয়।