বেনাপোল প্রতিনিধি
বেনপোল বন্কদরের র্গো ইয়ার্ড ছবি:
বেনাপোল : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এসময় বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের সব ধরনের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনতা দিবসের সরকারি ছুটির পর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা দুই দিন পণ্য পারাপার বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ার মাধ্যমে বন্দরের কর্মতৎপরতা স্বাভাবিক হবে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, "স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ওইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদেরও অবহিত করা হয়েছে। তবে যাত্রী পারাপার নিয়মিত থাকবে এবং শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্য শুরু হবে।"
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন জানান, স্বাধীনতা দিবসের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে নির্ধারিত সময় পর্যন্ত পণ্য খালাস ও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার থেকে বন্দরের সকল কার্যক্রম আবারও সচল হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, ছুটির দিনগুলোতে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ও ইমিগ্রেশন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।
কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ জানায়, ছুটি শেষে রোববার সকাল থেকে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক গতিতে ফিরে আসবে।