ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
শামসুজ্জামান মিলন ছবি: ধ্রুব নিউজ
যশোর : যশোরের শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (মোহরার) শামসুজ্জামান মিলনকে ঝিকরগাছা অফিসে বদলি না করার দাবিতে জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষের গণস্বাক্ষরিত এই আবেদনটি পাঠানো হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিস বর্তমানে সুশৃঙ্খলভাবে সেবা প্রদান করে আসছে। তবে সম্প্রতি শার্শা অফিসে কর্মরত মোহরার মো. শামছুজ্জামান মিলনকে বদলির মাধ্যমে ঝিকরগাছায় যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, শামছুজ্জামান মিলন একজন চিহ্নিত মাদক কারবারী ও জালিয়াতি চক্রের সাথে জড়িত। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা (২০১৬ ও ২০১৭ সালের) চলমান রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, উক্ত কর্মচারী দলিলের ভলিয়াম বইয়ের পাতা নষ্ট করা, রেজিস্ট্রিকৃত দলিলের পাতায় ঘষামাজা এবং জালিয়াতির মাধ্যমে সেবাগ্রহীতাদের জিম্মি করে অর্থ আদায়ের সাথে যুক্ত। চতুর্থ শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও যশোর শহরে তাঁর প্রায় ৪ কোটি টাকা মূল্যের ভবন রয়েছে বলে চিঠিতে দাবি করা হয়। এমন অভিযুক্ত ব্যক্তিকে ঝিকরগাছা অফিসে নিয়োগ দিলে সরকারি নথিপত্র ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তাঁর বদলি বাতিলের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহরার শামসুজ্জামান মিলন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। মাদক মামলা থাকলেও আদালত থেকে আমি খালাস পেয়েছি।’ তবে এর সপক্ষে তাৎক্ষণিকভাবে তিনি কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি।