বেনাপোল (যশোর) সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী খেলাধুলা ও বিনোদনমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো দিনটি।
মঙ্গলবার কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনের শুরুতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন। পরে বেলুন ফাটানো, হাড়ি ভাঙাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধ্রুব/এস.আই