বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ এলাকায় গাঁজাসহ মো. আশা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (২২ মার্চ ২০২৬) তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কন্যাদহ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আবুল কাশেমের ছেলে মো. আশাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি মাদক হিসেবে ব্যবহৃত কোরেক্স সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদে তিনি জানান, জনৈক এক ব্যক্তি তাকে ৫০ বোতল কোরেক্স সরবরাহের প্রস্তাব দিয়ে আসছিলেন এবং সেই বিষয়েই তিনি দেখা করতে যাচ্ছিলেন। তবে তিনি দাবি করেন, তিনি কখনো কোরেক্স সরবরাহ করেননি। তার বক্তব্য সন্দেহজনক মনে হলেও তাৎক্ষণিক কোনো বস্তুগত প্রমাণ বা নমুনা না পাওয়ায় এ সংক্রান্ত অভিযোগ গঠন করা সম্ভব হয়নি।
তবে তার কাছ থেকে গাঁজা উদ্ধার হওয়ায় এবং তিনি নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।