বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন নারী, পুরুষ ও শিশুসহ ৩৩ জন বাংলাদেশি নাগরিক ছবি: ধ্রুব নিউজ
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন নারী, পুরুষ ও শিশুসহ ৩৩ জন বাংলাদেশি নাগরিক। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসাদের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি পাবনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে সীমান্ত পথে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এই বাংলাদেশি নাগরিকরা। ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও বাসাবাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে তারা আটক হন। পরে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে (এক থেকে দুই বছর) কারাভোগ করেন।
কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তী সময়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ফেরত আসা ব্যক্তিরা পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোরের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর শফিকুর রহমান বলেন, দালালদের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় তারা সীমান্ত পাড়ি দিয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংস্থার পক্ষ থেকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।