নিজস্ব প্রতিবেদক
ঈদ উপহার পেয়ে খুশি মোবারককাঠি গ্রামের একদল শিশু ছবি: ধ্রুব নিউজ
কারো হাতে সেমাইয়ের প্যাকেট, কেউ পরম মমতায় আগলে ধরেছে দুধের কার্টন কিংবা চিনির প্যাকেট। রোদেলা সকালে যশোরের মোবারককাঠি গ্রামের একদল শিশুর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল, ঈদ বুঝি আজই চলে এসেছে। তাদের এই অমলিন হাসির উপলক্ষ হলো একব্যাগ ঈদ উপহার।
শুক্রবার (১৩ মার্চ) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামে দেখা মিলল এই অভাবনীয় দৃশ্যের। মা ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং ইমপেক্ট ইনিশিয়েটিভ যশোর জেলার প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের ব্যবস্থাপনায় যখন ১৫০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছিল, তখন বড়দের চেয়েও শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিশুদের রঙিন পোশাক আর দুহাতে ধরা উপহারের বাক্সগুলো তাদের ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই শিশুদের জন্য ঈদ মানে কেবল নতুন জামা নয়, বরং ভালো খাবার আর পরিবারের সবার মুখে হাসি। যখন তারা রঙিন প্যাকেটগুলো হাতে পাচ্ছিল, তখন তাদের উজ্জ্বল চোখের চাহনিই বলে দিচ্ছিল—এই ছোট উপহারগুলো তাদের কাছে কতোটা মূল্যবান।
উপহার বিতরণ কার্যক্রমের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেন। শিশুদের আনন্দ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, শিশুদের এই নির্মল হাসিই আমাদের সব পরিশ্রম সার্থক করে তুলেছে। মা ইন্টারন্যাশনাল-এর এই উদ্যোগের লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত এই পরিবারগুলোর ঈদকে আনন্দময় করা। বিশেষ করে শিশুদের মুখের এই হাসিটুকু ধরে রাখতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।