স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: ফাইল
তদবিরে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে শুক্রবার তিনি এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ওই অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আসতে থাকে।
এ সময় মির্জা ফখরুল বলেন,আমরা খালি অমুকের ভাই, বিশ্বাস করুন- সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং নিয়ে। দরকার আছে সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই তাহলে তো মুশকিল হবে। তিনি বলেন, মেধাকে প্রাধান্য দিতে হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগাঁও চলে যেতে চান। এদিকে চাকরি করেন, আর আমাকে শুধু বলেন-স্যার আমাকে একটু ঠাকুরগাঁয়ে বদলি করে দেন। এই ধারনাগুলো বাদ দিতে হবে।
সবাই চাকরি চায়। আত্ম কর্ম সংস্থানে মনোযোগী হতে চায় না তেমন কেউ। এ সব কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খুঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। এজন্য আমাদের নিজেদেরকে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রী নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগনের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান।