Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোবাইল ফোনের লোভে স্বপ্না হয়েছিলেন মাদকের বাহক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ,২০২৬, ০৫:১১ পিএম
মোবাইল ফোনের লোভে স্বপ্না হয়েছিলেন মাদকের বাহক

মাত্র ৬০ হাজার টাকা মূল্যের একটি দামী মোবাইল ফোনের লোভে পড়ে ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন শাপলা খাতুন স্বপ্না (২৮)। বৃহস্পতিবার রাতে যশোর শহরের মনিহার এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে। উদ্ধারকৃত মালামালগুলো মূলত এফিড্রিন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়।

আটক স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির এসআই অলক কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মনিহার এলাকায় সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’-এর একটি বাসে অভিযান চালানো হয়। বাসের বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর তিনটি বড় প্যাকেট পাওয়া যায়। এসময় বহনকারী হিসেবে স্বপ্নাকে আটক করা হয়। প্যাকেটগুলো খুলে তার ভেতরে ছোট আরও ২৫টি প্যাকেট এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড পাওয়া যায়।

ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বপ্না স্বীকার করেন, সাতক্ষীরার কলারোয়া এলাকার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এই মালামাল চট্টগ্রামের অলঙ্কার মোড়ে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। এর বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই সামান্য লোভের বশবর্তী হয়েই তিনি ভয়ংকর এই মাদকের কাঁচামাল পাচারে রাজি হন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার অ্যাসিড দিয়ে চট্টগ্রামের কোনো কারখানায় ক্রিস্টাল আইস তৈরির পরিকল্পনা ছিল। সেখান থেকেই এই মাদক সারা দেশে ছড়িয়ে দেওয়া হতো।

এই ঘটনায় এসআই অলক কুমার দে বাদী হয়ে স্বপ্না ও পলাতক লাল্টুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শুক্রবার বিকেলে স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল হোতা লাল্টুকে গ্রেপ্তারে ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)