প্রেসবিজ্ঞপ্তি
গুলশান আরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যাকাতের শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে গুলশান আরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যাকাতের শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
১৩ মার্চ শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেআর লিমিটেডের পরিচালক ও মাছরাঙা টেলিভিশন এর হেড অফ প্রডাকশন (নিউজ এন্ড কারেন্ট এফেয়ার) ইলিয়াস বিন কাশেম। তিনি নিজ হাতে এলাকার অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ এবং বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। কর্মসূচিতে মঙ্গলকোট গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আগত শতাধিক দরিদ্র নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত যাকাত ও দানের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এতে যেমন ধর্মীয় দায়িত্ব পালন করা হয়, তেমনি সমাজে সাম্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে ওঠে।
এ সময় জনাব ইলিয়াস বিন কাশেম বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। সমাজে যারা অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছেন, তাদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, গুলশান আরা ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে শিক্ষক এনামুল হোসেন, মাহবুবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম গ্রামের অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে উপস্থিত দরিদ্র মানুষরা গুলশান আরা ফাউন্ডেশন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।