Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:৩০ পিএম
গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

গোপালগঞ্জে বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় টাকা উত্তোলন, পাঠানো ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না গ্রাহকেরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্টের দোকান বন্ধ। খোলা থাকা কয়েকটি দোকানেও কোনো ধরনের লেনদেন হচ্ছে না।

জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও একই চিত্র দেখা গেছে। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা। গোপালগঞ্জের পাঁচ উপজেলা থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ পরিস্থিতির সমালোচনা করছেন।

গোপালগঞ্জ কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লাল হোসেন বলেন, ‘সকাল থেকে টাকা পাঠানোর জন্য ঘুরছি। বিকাশ-নগদের দোকানে গেলে সার্ভার বন্ধ বা টাকা নেই বলে জানানো হচ্ছে। কাস্টমার কেয়ারে এসে দেখি, সেটাও বন্ধ। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়েছি।’

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত থেকেই বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারছি না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো তথ্য বা কারণ জানতে পারিনি। বৃহস্পতিবার দুপুরে বিকাশ নম্বরে একটি বার্তা আসে যে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দূরদূরান্ত থেকে পড়তে আসি। তাই পরিবারের লোকজন মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। এখন টাকা উঠাতে না পারলে প্রয়োজনীয় কোনো সামগ্রী কিনতে পারব না। দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানাই।’

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের ব্যবসায়ী চন্দন সরকার বলেন, ‘আমরা তো ব্যবসা করি। তবু আমার চারটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সকাল থেকে অধিকাংশ গ্রাহক টাকা পাঠাতে ও তুলতে পারছেন না। তাঁরা শুধু এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন।’

চন্দন সরকার বলেন, ‘বিকাশ-নগদের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানিয়েছেন, ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ করে কর্মচারীদের ছুটি দেওয়া হয়েছে। তাই তারা ছুটিতে বাড়ি যাচ্ছেন।’

গোপালগঞ্জ সদরের ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব বলেন, তাদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় টাকা ক্যাশআউট করতে পারছেন না তাঁরা।

হাবিব বলেন, ‘কিছু নম্বরে এখনো লেনদেন সচল থাকায় সেগুলো ব্যবহার করে আপাতত কাজ চালাচ্ছি। কিন্তু কত সময় সেগুলো চালু থাকবে, তা নিয়েও সন্দেহ আছে।’

গোপালগঞ্জের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। গোপালগঞ্জে বিকাশের এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক বলেন, ‘ধারণা করছি, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে আবার কার্যক্রম চালু হতে পারে।’

সূত্র : আজকের পত্রিকা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)