Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৯:১১ পিএম
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি’-তে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে লটারি কার্যক্রম। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

​আজ রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​বোয়েসেল সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এই নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে 'অপারেশনস অ্যাসিস্ট্যান্ট' পদে ২০০ জন এবং 'টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স' পদে ১০০ জন প্রার্থী স্থান পেয়েছেন। নির্বাচিতদের তালিকা খুব দ্রুতই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

​প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ জন প্রার্থীর পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সরাসরি নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন-এর প্রতিনিধিদের উপস্থিতিতে এই মূল্যায়ন সম্পন্ন হবে। পরীক্ষা শেষে সব প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্তভাবে ১১২ জন দক্ষ কর্মীকে শূন্য অভিবাসন খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি কর্মী বিদেশে পাঠানোর যে মহাপরিকল্পনা রয়েছে, এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে দারুণভাবে সহায়ক হবে। পাশাপাশি, প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্ট’ বা শূন্য খরচে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও এর মাধ্যমে বাস্তব রূপ লাভ করছে।

​বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে এই প্রথম লটারির মাধ্যমে সম্পূর্ণ যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের নজির স্থাপন করা হলো। এর মাধ্যমে দেশবাসীর কাছে বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত এসব কর্মীদের ফ্লাইট শুরু হবে। এছাড়া বোয়েসেলের মাধ্যমে খুব শীঘ্রই পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং সেক্টরে আরও ৫৫৮ জন কর্মী পাঠানোর সুযোগ রয়েছে, যেখানে মেডিকেল ফি ও বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা নিজে বহন করবেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)