ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন রোগী। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে পৌঁছাল। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারী ডেঙ্গু রোগী ভর্তির চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—১ হাজার ১২৪ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৩২ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, রংপুরে ৭৫ জন, ময়মনসিংহে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।