ধ্রুব নিউজ ডেস্ক
ডেঙ্গু মশা ছবি: ফাইল ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন রোগী।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন করে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারী আক্রান্তের চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭২১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন এবং রংপুরে ৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশা নিধনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সামান্য উপসর্গ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।