নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেছেন, ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। এ সংগঠন বহু মেধাবী নেতার জন্ম দিয়েছে, যারা জাতির ক্রান্তিকালে রাষ্ট্রের হাল ধরেছেন। ছাত্রদল মূলত মেধাবী ও নৈতিক চরিত্রবান শিক্ষার্থীদের সংগঠন।
আজ (মঙ্গলবার) যশোর নগর শাখার ঘোপ ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে রবিউল ইসলাম বলেন, আগে লেখাপড়া, তারপর রাজনীতি। পড়াশোনা ছেড়ে কারোর ছাত্রদলের রাজনীতি করার দরকার নেই। ছাত্রদল সব সময় মেধাবী ছাত্রদের মূল্যায়ন করবে ও গুরুত্ব দেবে।
অসাধু কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা রবিউল ইসলাম আরও বলেন, ছাত্রদলে কোনো অছাত্র ও মাদকাসক্তের স্থান হবে না।
ঘোপ ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মালিক।
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান।
সভায় ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেন।