ধ্রুব নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছবি: সংগৃহীত
নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, জালিয়াতি ও ভোট ডাকাতি বরদাশত করা হবে না জানিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জামায়াত যেমন নিজে কোনো কারচুপি করবে না, তেমনি অন্য কাউকেও তা করতে দেবে না। ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে যদি ভোটকেন্দ্রে কোনো অনিয়মের অপচেষ্টা চালানো হয়, তবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের নিয়ে কেন্দ্র ঘেরাও করার আহ্বান জানান তিনি। একই সাথে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের টালবাহানা করা হলে নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের কঠোর হুঁশিয়ারিও দেন দলটির এই শীর্ষ নেতা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশালাকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোটাররা যাতে পূর্ণ নিরাপত্তায় ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কোনো প্রিজাইডিং কর্মকর্তা যদি অনিয়মে মদদ দেন কিংবা ভোট গণনার সময় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বান্ডিলে অন্যায়ভাবে ‘ধানের শীষ’ যুক্ত করে গণনা করার চেষ্টা করেন, তবে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্র ঘেরাও করতে হবে। অনিয়মে জড়িত কর্মকর্তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, অপরাধ করে কাউকেই পার পেতে দেওয়া হবে না।
বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যেই সরকারের চরম বিশৃঙ্খলা ও লেজেগোবরে অবস্থা তৈরি হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতিতে সরকারের নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে তিনি মন্তব্য করেন, 'জ্বরের ঘোরে এরা এখন ভাবীকে মা ডেকে বসছে।' বিএনপি সরকার জনগণের দুর্ভোগ কমাতে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সারা দেশে বর্তমানে লুটপাটের মহোৎসব চলছে।
উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি আরও অভিযোগ করেন, সারের চরম সংকটে কৃষক আজ দিশেহারা। বিএনপি দলীয় নেতাকর্মী ও স্বজনদের অনিয়মের মাধ্যমে সারের ডিলার নিয়োগ দিয়েছে, যেখানে প্রতিটি ডিলারশিপের জন্য ১০ থেকে ১২ লাখ টাকার ঘুস লেনদেন হয়েছে। ১৯৯৪ সালের রাজনৈতিক ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন, একটিমাত্র উপনির্বাচনে জিততে গিয়ে সরকার যেন নতুন কোনো সংকটে না পড়ে।
উক্ত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, সদিচ্ছা থাকলে বিরোধী দলে থেকেও উন্নয়ন সম্ভব—তা আমরা প্রমাণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে সরকারি বরাদ্দ ব্যতিরেকেও যেভাবে অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে, তা নজিরবিহীন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল শিগবাতুল্লাহ সিগবা, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হালিম উদ্দীন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।