নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও সুলভ মূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ শ্রমিকদের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। শ্রমিকের জীবনধারণের বাস্তব ব্যয় বিবেচনা করে অবিলম্বে জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে শ্রমিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে অবাধ ট্রেড ইউনিয়ন চর্চা ও রেশনিং ব্যবস্থা চালুর লক্ষ্যে শ্রম আইন সংশোধনের জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে শ্রমিকদের যৌক্তিক ১০ দফা দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।