নিজস্ব প্রতিবেদক
যশোরে গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগে শ্রমিক নেতা রবিউল ইসলাম মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে। সোমবার আহত বাপ্পী রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি রবিউল ইসলাম মিন্টু গাজী বকচর হুশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, রবিউল ইসলাম মিন্টু গাজী প্রায় সময় বাপ্পীকে দিয়ে তাঁর গাড়ির কাজ করিয়ে নিতেন, কিন্তু কোনো টাকা দিতেন না। সম্প্রতি বাপ্পীকে আবার গাড়ির কাজ করতে বললে তিনি অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৭ আগস্ট সকালে বাপ্পীর বকচর হুশতলার ভাড়া বাসায় চড়াও হন রবিউল ইসলাম মিন্টু গাজীসহ কয়েকজন। এ সময় তাঁরা বাপ্পীকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। বাপ্পীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
পরে স্থানীয়রা বাপ্পীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি থানায় এ মামলা দায়ের করেন।