ধ্রুব ডেস্ক
ছবি: ধ্রুব নিউজ
জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে স্থানীয় এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ। আজ বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিএম এলোম হোসেন রানার বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ দাবি করেন, চাকরিজীবনের সঞ্চিত অর্থ দিয়ে চলতি বছরের ৮ জানুয়ারি যশোর কোতোয়ালী থানার চাঁদপাড়া মৌজার ৭০১ ও ৭০২ নম্বর দাগের ৯ দশমিক ৩৭ শতক জমি রেজিস্ট্রি দলিলে কেনেন তিনি। পরবর্তীতে জমিটির নামজারি সম্পন্ন করে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় বিএনপি নেতা বিএম এলোম হোসেন রানা বাধা দেন।
তিনি জানান, স্থানীয় পর্যায়ে আপস-মীমাংসার পর তিনি সীমানা প্রাচীর নির্মাণ করেন। তবে পরবর্তীতে এক মৃত ব্যক্তির স্ত্রীকে বাদী বানিয়ে তার বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারায় মামলা করা হয়। পুলিশ সরেজমিনে তদন্ত শেষে জমিটি তার দখলে রয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাবেক এই ইউপি সদস্য আরও অভিযোগ করেন, গত ২২ আগস্ট বিএম এলোম হোসেন রানার মদদে একদল ব্যক্তি ওই জমিতে অনধিকার প্রবেশ করে কাজরত শ্রমিকদের তাড়িয়ে দেয় এবং নবনির্মিত সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হয়।
ঘটনার পর যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে বিষয়টির নিরপেক্ষ তদন্তপূর্বক বৈধ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত বিএম এলোম হোসেন রানাসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদের স্ত্রী শাহানাজ পারভীন, প্রতিবেশী বিল্লাল হোসেন, তুহিন হোসেন ও মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।