অভয়নগর (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. গোলাম রসুল বলেন, "মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের ক্ষতিকারক ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।" তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী গোলাম মোস্তফা, সাবেক পৌর আমীর মাওলানা আলতাফ হুসাইন এবং নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে অভয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।