নিজস্ব প্রতিবেদক
যশোরে যৌথ বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ তুলে ৮৭ লাখ ১০ হাজার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা কবির ইকবাল। রোববার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে কবির ইকবাল অভিযোগ করেন, ২০২৪ সালের ডিসেম্বরের দিকে সঞ্জয় কুমার নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে সঞ্জয় ও তার সহযোগীরা তাকে যশোরের চাঁচড়া এলাকায় ‘হাজেরা ইন্টারন্যাশনাল হাসপাতাল’, ‘হাজেরা রিসোর্ট’ ও ‘হাজেরা সিটি অ্যাপার্টমেন্ট’ নির্মাণের প্রায় ৬০ কোটি টাকার এক যৌথ বিনিয়োগ প্রকল্পের প্রলোভন দেখায়। প্রকল্পে বিনিয়োগের অনুপাতে মালিকানা, নির্দিষ্ট লভ্যাংশ এবং হাসপাতাল কম্পাউন্ডে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এমনকি ভারতের নামী হাসপাতালের সঙ্গে চুক্তিতে উন্নত চিকিৎসার মিথ্যা প্রলোভনও দেওয়া হয়েছিল।
প্রলোভনে পড়ে তিনি বিভিন্ন সময়ে ব্যাংক হিসাব ও নগদে মোট ৮৭ লাখ ১০ হাজার টাকা তুলে দেন। এসব অর্থ সঞ্জয় কুমার ও আনিসুজ্জামানের ব্যাংক হিসাবে জমা এবং আক্তারুজ্জামান ও মোস্তাক আহম্মেদের মাধ্যমে সরাসরি নগদ প্রদান করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘ সময় পার হলেও প্রকল্পের কাজ শুরু হয়নি এবং টাকা ফেরত চাইলেও নানা টালবাহানা করা হচ্ছে। উল্টো পাওনা অর্থ দাবি করায় তাকে একাধিক জেলায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ঢাকার পল্টন থানার সংশ্লিষ্ট আদালতে সিআর ৭৪৭/২৬ নম্বর মামলা দায়ের করেছেন কবির ইকবাল, যা বর্তমানে বিচারাধীন। সংবাদ সম্মেলন থেকে তিনি পাওনা টাকা উদ্ধারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের আকুল আবেদন জানান।