নিজস্ব প্রতিনিধি
মুজিব সড়ক, দড়াটানা মোড় এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের প্রধান সড়ক ও ফুটপাতে অভিযান পরিচালনা করে পৌরসভা ছবি:
শহরকে যানজটমুক্ত করা এবং সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে কঠোর আইনি ও প্রশাসনিক অবস্থানে নেমেছে যশোর পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আজ সোমবার সকাল থেকে এক বড় ধরনের সমন্বিত অভিযান পরিচালিত হয়।
অভিযানটি শহরের ব্যস্ততম এলাকা মুজিব সড়ক, দড়াটানা মোড় এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের প্রধান সড়ক ও ফুটপাতে পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ সাংবাদিকদের জানান, "বহিরাগত ও অবৈধ ইজিবাইক, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং সড়কের পাশের ফুটপাতগুলো দখল হয়ে থাকায় পৌরসভার বাসিন্দা সহ দূর-দূরান্ত থেকে আসা পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"
পৌর কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তের আলোকেই পৌরসভা গত তিন দিন ধরে শহরজুড়ে ব্যাপ্ত সচেতনতামূলক মাইকিং কার্যক্রম শেষ করে।
মাইকিং শেষে আজ ট্রাফিক বিভাগ, পুলিশ প্রশাসন, যশোর পৌরসভা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সরাসরি মাঠে নামে। অভিযান চলাকালে চালকদের নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র ইজিবাইক ও রিকশা পার্কিং না করতে এবং বাইরের উপজেলার অবৈধ অটোরিকশা যেন শহরের প্রধান সড়কে প্রবেশ না করে, সে বিষয়ে সতর্ক করার পাশাপাশি মোটিভেশনাল কার্যক্রম চালানো হয়।
পৌরসভা সূত্রে নিশ্চিত করা হয়েছে, শহরের স্বাভাবিক শৃঙ্খলা ও স্বস্তি ফেরাতে এই অভিযান ও তদারকি কার্যক্রম পুরো সপ্তাহজুড়ে চলবে।