নিজস্ব প্রতিবেদক
গুণগত মান নিশ্চিত না করে অনুমোদনহীন এবং নকল খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করার দায়ে যশোর সদরের পুলেরহাট বাজারে অবস্থিত তানসীপ টেডার্সকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (২৪ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
অভিযানসূত্রে জানা গেছে, উপজেলার পুলেরহাট বাজারের তানসীপ টেডার্স দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন প্রসাধনী ও খাদ্যপণ্য তৈরি করে আসছিল। এর মধ্যে টয়লেট ক্লিনার, রোরো, জ্যুস, ফ্রুট ফানিসহ বিভিন্ন নিম্নমানের পণ্য উৎপাদন এবং মোড়কজাতকরণের জালিয়াতি ধরা পড়ে। এসময় এসব পণ্য বিনষ্ট করা হয়। একই সাথে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৩ অনুযায়ী অসাধু উপায়ে পণ্য তৈরির অপরাধে ৫০ হাজার টাকা, ধারা ৩৭ অনুযায়ী অনুমোদনহীন পণ্য সরবরাহের অপরাধে ৫০ হাজার টাকা এবং ধারা ৫৩ অনুযায়ী ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে ৫০ হাজার টাকা—সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।