বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণের চেক বিতরণ করেন এমপি গোলাম রসুল ছবি: ধ্রুব নিউজ
‘সমৃদ্ধ পল্লী, সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসন ও বাঘারপাড়া উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাঘারপাড়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। স্বাগত বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খাইরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও পল্লী অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিআরডিবির উপকারভোগীরা অংশ নেন। অনুষ্ঠানের শেষপর্বে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় উপকারভোগীরা সরকারের এই ঋণ কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এসব উদ্যোগ তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।