Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে মা-বোনকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০২:৫৬ পিএম
বেনাপোলে মা-বোনকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ

ছেলেদের ধাক্কায় কেটে গেছে মায়ের মাথা। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শার বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ মা ও বিধবা বোনকে মারধর করে গভীর রাতে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত গভীর রাতে বেনাপোল পৌরসভার সাদীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মা আনোয়ারা বেগম বাদী হয়ে দুই ছেলেসহ জড়িতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী আনোয়ারা বেগম ও তার বিধবা মেয়ে মাহফুজা খাতুন মঙ্গলবার রাতে পারিবারিক একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হন। অভিযোগের তির আনোয়ারা বেগমের বড় ছেলে নেদু ও ছোট ছেলে রাসুর বিরুদ্ধে।

ভুক্তভোগী মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘ছেলেরা প্রায়ই আমাকে অকারণে মারধর করে। কোরবানির ঈদের পরও বড় ছেলে নেদু আমার ওপর হাত তুলেছিল। মঙ্গলবার রাতেও ছোট ছেলে রাসু ও তার সহযোগীরা আমাকে এবং আমার মেয়েকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। যে বাড়িতে আমরা থাকি, সেটি মূলত আমার বাবার সম্পত্তি। এখন নিজের ছেলেরাই আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমি এর বিচার চাই।’

আক্রান্ত বোন মাহফুজা খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর থেকে একটি কন্যাসন্তান নিয়ে তিনি মায়ের সাথেই বাবার বাড়িতে বসবাস করছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার পাঁচটি অপারেশন হয়েছে, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। তারপরও আমার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এর আগেও আমার ছোট মেয়েটিকে বিভিন্ন সময় মারধর করা হতো। প্রতিবাদ করলেই আমাদের ওপর অত্যাচার নেমে আসে।’ স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত দুই ছেলে নেদু ও রাসুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ঘটনার পর থেকে তারা আত্মগোপনে থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গর্ভধারিণী মা ও বোনকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)