নিজস্ব প্রতিবেদক
নিহত আসিফ আহমেদ ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলায় জাম গাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার(৭ জুন) দুপুরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আসিফ আহমেদ ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা দক্ষিণপাড়া গ্রামের আসাদের ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ঝিকরগাছা থেকে আসিফের এক বন্ধু তার সঙ্গে দেখা করতে আসেন। পরে তারা দুজনে মিলে পাশ্ববর্তী চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণীয়ালী গ্রামে জাম খেতে যান। সেখানে একটি জাম গাছে ওঠার পর অসাবধানতাবশত আসিফ উপর থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আঘাত পান।
দুপুর আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধ্রুব/টিএম